• ১ অগ্রহায়ণ ১৪৩৩, শনিবার ২১ নভেম্বর ২০২৬ ই-পোর্টাল

Janatar Katha

Banner Add
  • কলকাতা
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • রাজনীতি
  • খেলার দুনিয়া
  • বিনোদুনিয়া
  • সম্পাদকীয়
  • নিবন্ধ
  • ভ্রমণ
  • রাশিফল
  • টুকিটাকি
  • চিত্রহার
  • বিবিধ
  • ভিডিও
  • এছাড়াও
    • উৎসব
    • ব্যবসা
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • হেঁসেল

Sayantan Basu

রাজনীতি

সায়ন্তনের পর অগ্নিমিত্রাকে শোকজ, কেন এই পদক্ষেপ বিজেপির?

একদিকে তৃণমূল কংগ্রেস সহ বাম-কংগ্রেস থেকে বিজেপিতে যোগপর্ব চলছে। একইসঙ্গে চলছে রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্বকে শোকজের পালা। মঙ্গলবার সায়ন্তনসহ তিনজনকে শোকজ করার পর বুধবার শোকজ করা হল রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পালকে। রাজ্য বিজেপি জানিয়েছে, দলবিরোধী মন্তব্যের জন্য অগ্নিমিত্রাকে শোকজ করা হযেছে। ১৮ ডিসেম্বর তিনি সংবাদ মাধ্যমে ওই মন্তব্য করেছিলেন। তবে কী মন্তব্য করার জন্য তাঁকে শোকজ করা হয়েছে তা সংবাদ মাধ্যমে দেওয়া চিঠিতে লেখা নেই। চিঠিতে অগ্নিমাত্রা পালকে বলা হযেছে ৭ দিনের মধ্যে দিলীপ ঘোষের কাছে তাঁকে জবাব দিতে হবে। উত্তর সন্তোষজনক না হলে দল কঠোর শাস্তি দেবে বলেও তাঁকে জানিয়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসুকে শোকজ করে রাজ্য নেতৃত্ব। তাঁকে কড়া বার্তা দেওয়া হয়েছিল। শুভেন্দু তৃণমূল ছাড়ার পরপরই জিতেন্দ্র তেওয়ারী তৃণমূল ছাড়ার সিদ্ধান্ত নেন। তাঁর বিজেপি যোগের সম্ভাবনা প্রবল হয়। তৎকালীন তৃণমূল সাংসদ সুনীল মন্ডলের বাড়িতে তাঁরা বৈঠকও করেন। কিন্তু তারপরই আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়, সায়ন্তন বসু, অগ্নিমিত্রা পাল জিতেন্দ্রকে নিয়ে সংবাদ মাধ্যমের কাছে আপত্তি জানান। বাবুল তো সরাসরি তাঁর আপত্তির কথা জানিয়ে দেন। বাকিরা সেই মতকে সমর্থন করে। রাজনৈতিক মহল মনে করছে, সম্ভবত এই কারণেই অগ্নিমিত্রা পালকে শোকজ করা হল।

ডিসেম্বর ২৩, ২০২০
রাজ্য

উলেন রায়ের মৃত্যুতে সিবিআই তদন্তের দাবি বিজেপির

উলেন রায়ের মৃত্যুতে এবার সিবিআই তদন্তের দাবি জানাল বিজেপি। মঙ্গলবার উলেন রায়ের মৃত্যুর প্রতিবাদে উত্তরবঙ্গ বনধ ডাকে বিজেপি। এদিন সকাল থেকেই বনধকে সফল করতে শিলিগুড়ির রাজপথে মিছিল করে বিজেপির একাধিক সাংসদ, রাজ্য ও জেলা নেতৃত্ব। মিছিলে নেতৃত্ব দেন সায়ন্তন বসু, সাংসদ রাজু বিস্তা, নিশিথ প্রামাণিক এবং অগ্নিমিত্রা পাল সহ বিজেপির জেলার অন্যান্য কার্যকর্তারা। এই মিছিল থেকেই মৃত বিজেপি কর্মীর উলেন রায়ের মৃত্যুর সিবিআই তদন্ত দাবি করেন দার্জিলিং-এর সাংসদ রাজু বিস্তা। এই দাবিতে অবিলম্বেই হাইকোর্টের দ্বারস্থ হবে বিজেপি এমনটাও জানান তিনি। এদিন উলেন রায়ের ময়নাতদন্তের বৈধতা নিয়েও প্রশ্ন তুলেছেন সাংসদ। পাশাপাশি গোটা ঘটনার সিবিআই তদন্ত চেয়ে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ও কলকাতা হাইকোর্টের দারস্থ হচ্ছেন বিজেপি সাংসদরা। এই প্রসঙ্গে তিনি বলেন, পুলিশের গুলিতেই মৃত্যু হয়েছে উলেন রায়ের। প্রমান লোপাট করতেই রাতের অন্ধকারে ময়নাতদন্ত করেছে প্রশাসন। যদিও রাজ্যপুলিশের তরফে টুইট করে জানানো হয়েছে যে, ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী শটগানের গুলিতেই মৃত্যু হয়েছে উলেন রায়ের। পুলিশ শটগান ব্যবহার করে না। বিক্ষোভকারীদের মধ্যেই কেউ শটগান এনেছিলেন এবং খুব কাছ থেকেই গুলি ছোঁড়া হয়েছে। আরও পড়ুন ঃ বিজেপি নিজে খুন করে বলছে পুলিশ মেরেছেঃ মমতা অন্যদিকে, উলেন রায়ের মৃত্যু নিয়ে সামনে এল চাঞ্চল্যকর তথ্য। ময়নাতদন্ত শেষ করে রাতারাতি দেহ বাড়ি নিয়ে যাওয়ার জন্য চাপ দেওয়া হয় পরিবারকে। এমন অভিযোগ মৃতের পরিবারের। তবে এই অবস্থায় দেহ বাড়ি নিয়ে যেতে অস্বীকার করেন উলেন রায়ের পরিবার। পুলিশের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দেন তারা। তাঁদের অভিযোগ, ময়নাতদন্ত হয়ে গিয়েছে জানিয়ে তাঁদের মুচলেকা লিখতে বলা হয় পুলিশের তরফে। মুচলেকায় অজ্ঞাত পরিচয়ের দেহ লিখতে বলায় তাঁরা দেহ নিতে অস্বীকার করেন। মৃতের পরিবারের অভিযোগ, সাদা কাগজে পুলিশের লেখা বয়ানেই জোর করে সই করতে হয়েছে তাঁদের। এমনকি মুচলেকায় উলেন রায়কে বিজেপি কর্মী বলে উল্লেখ করা হয়নি। রাতে কেন ময়নাতদন্ত হল? পাশাপাশি বাড়ি নিয়ে যাওয়ার চাপ কেন এমন একাধিক অভিযোগ জানিয়ে ফের দেহের ময়নাতদন্তের দাবি করেছে উলেন রায়ের পরিবার। এছাড়াও উত্তরকন্যা অভিযানে মৃত বিজেপি কর্মী উলেন রায়ের পরিবারের যাবতীয় দায়িত্ব নিল উত্তরবঙ্গের বিজেপির চার সাংসদ। মঙ্গলবার জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের মান্তাদারি গ্রামপঞ্চায়েতের মেনঘোড়া গ্রামে যান কোচবিহারে বিজেপি সাংসদ, নিশিথ প্রামানিক, জলপাইগুড়ির সাংসদ ডাঃ জয়ন্ত কুমার রায়, দার্জিলিং -এর সাংসদ রাজু বিস্তা, বিজেপির রাজ্যের সাধারণ সম্পাদক সায়ন্তন বসু, বিজেপির জেলা সভাপতি বাপি গোস্বামী সহ অন্যান্য বিজেপি নেতা-কর্মীরা। এদিন মৃতের পরিবারকে আর্থিক ভাবে সাহায্য করা হয় বিজেপির পক্ষ থেকে। এছাড়াও ওই পরিবারের পাশে সবসময় থাকার আশ্বাস দেওয়া হয়েছে।

ডিসেম্বর ০৮, ২০২০
রাজ্য

উত্তরকন্যা অভিযান শুরুর আগেই পুলিশি বাধার মুখে দিলীপ ঘোষ ও সায়ন্তন বসু

উত্তরকন্যা অভিযান শুরুর আগেই বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও সম্পাদক সায়ন্তন বসু পড়লেন পুলিশি বাধার মুখে। যা নিয়ে উত্তেজনা ছড়াল ফুলবাড়ি মোড়ে। সোমবার বেলা একটু বাড়তেই বিজেপি কর্মী, সমর্থকরা জড়ো হন উত্তরকন্যা অভিযানে অংশ নিতে। শিলিগুড়ির ফুলবাড়ি মোড় থেকে মিছিলের নেতৃত্ব দিচ্ছিলেন দিলীপ ঘোষ, সায়ন্তন বসু। উত্তরকন্যার দিকে মিছিল সামান্য এগোতেই সেখানে পুলিশ তাঁদের বাধা দেয়। বাধার মুখে পড়েন আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ জন বার্লাও। সেখানে পুলিশের সঙ্গে তাঁদের বচসা হয়। পরে অবশ্য দুজনকে ছেড়ে দেওয়া হয়। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ অভিযোগ করেছেন, আমি স্টেশন থেকে নেমে গেস্ট হাউজে যাব, সেটাও পর্যন্ত যেতে পারছি না। আধঘণ্টা ধরে এখানে দাঁড়িয়ে আছি। জানি না, কী ধরনের গণতন্ত্রের পরিবেশ এখানে আছে। স্বৈরাচারী শাসন! পুরো শহরকে ঘিরে দেওয়া হয়েছে বাঁশের ব্যারিকেড দিয়ে। বাইরে থেকে লোককে ঢুকতে, বেরতে দেওয়া হচ্ছে না। আমাদের সাংসদ জন বার্লাকেও আটকে দেওয়া হয়েছে। এই স্বৈরাচারী মনোভাব নিয়ে পশ্চিমবাংলায় এই সরকার কতদিন টিকে থাকতে পারবে জানি না। আরও পড়ুন ঃ কৃষকদের ডাকা ভারত বনধকে নৈতিক সমর্থন মমতার তাঁর আগে গাড়িতে বসেই বিমল গুরুং প্রসঙ্গে রাজ্য সরকারের প্রতি তোপ দাগেন দিলীপ ঘোষ। তিনি বলেন, যে লোকটাকে এতদিন দেশদ্রোহী বলা হত, গতকাল তাঁকে পুলিশি নিরাপত্তা দিয়ে নিয়ে এসে জনসভা করা হল। আর আমরা গণতন্ত্র রক্ষার জন্য লড়াই করছি, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছে, তারজন্য আমাদের আটকানোর চেষ্টা করা হচ্ছে। তবে উত্তরকন্যাকে একেবারে ঘিরে ফেলা হয়েছে। লোহার ব্যারিকেড, গার্ডওয়াল, জলকামান সব নিয়ে বিজেপি যুব মোর্চার অভিযান রুখতে প্রস্তুত পুলিশ। অন্যদিকে, জলপাইগুড়ি থেকে কৈলাস বিজয়বর্গীয়র নেতৃত্বে মিছিল এগোতে চাইলেও পুলিশের বাধার মুখে পড়ে। মমতা সরকারের আমলে উত্তরবঙ্গের কোনও উন্নয়ন হয়নি, এই অভিযোগে উন্নয়নের দাবি তুলে এদিনের অভিযানে নেমেছে বিজেপি যুব মোর্চা। বিজেপি সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায় বলেন, উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদকে কত টাকা দিয়েছে রাজ্য সরকার? শ্বেতপত্র প্রকাশ করার দাবি জানাচ্ছি।

ডিসেম্বর ০৭, ২০২০
রাজনীতি

দিলীপ ঘোষের কনভয়ে হামলা , অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কনভয়ে হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ভাঙা হয়েছে বিধায়ক উইলসন চম্প্রমারির গাড়ির কাচও।অল্পের জন্য রেহাই পায় দিলীপ ঘোষের গাড়ি। ঘটনাটি ঘটেছে , ভারত-ভুটান সীমান্তে আলিপুরদুয়ারের কালচিনি ব্লকের দলসিংপাড়ার কাছে। অভিযোগ, সেখানে বিজেপি রাজ্য সভাপতির কনভয় লক্ষ্য করে পাথরবৃষ্টি হয়। দিলীপ ঘোষকে ঘিরে চলে গো ব্যাক স্লোগান। তাঁকে কালো পতাকাও দেখানো হয়। এরপর কোনওক্রমে সভায় হাজির হন তিনি। আরও পড়ুন ঃ যারা মমতাদির হাত দুর্বল করছে , তারা বিজেপির হাত শক্ত করছেঃ ফিরহাদ জানা গিয়েছে , বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জয়গাঁতে জনসভায় যোগ দিতে যাচ্ছিলেন। পুলিশের দাবি, পঁচিশটি বাইক নিয়ে র্যালির অনুমতি নিয়েছিল বিজেপি। অনুমতি না থাকা সত্ত্বেও কমপক্ষে একশোটি বাইক নিয়ে র্যালি করার চেষ্টা করেন দিলীপ ঘোষ। দলসিংপাড়াতে ওই রাজনৈতিক কর্মসূচিতে বাধা দেয় পুলিশ। এর জেরে পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের বচসা বেঁধে যায়। পুলিশের কর্ডন ভেঙে বেআইনিভাবে বাইক র্যালি চালিয়ে যাওয়ার অভিযোগ ওঠে দিলীপ ঘোষের বিরুদ্ধে। এরপর জয়গাঁর মঙ্গলাবাড়িতে পৌঁছয় র্যালি। তারপরেই ঘটে এই ঘটনা। বিজেপি রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু এর প্রতিবাদ জানিয়ে বলেন, পশ্চিমবঙ্গে যে আইনশৃঙ্খলা নেই , তা প্রতি মুহূর্তে প্রমাণিত হয়। এটা তৃণমূলের অবসাদের ফল। নির্বাচন কীভাবে হবে , তা নির্বাচন কমিশন বুঝবে। নির্বাচন করার মতো পরিস্থিতি না থাকলে সরকারকে সরিয়ে দিতে হবে। নির্বাচন এগিয়ে এলে বিজেপি কর্মীরা আক্রান্ত হবেন বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। অন্যদিকে বিজেপি যুব মোর্চা সভাপতি সৌ্মিত্র খান বলেন, দিলীপ ঘোষের উপর হামলার প্রতিবাদে সারা বাংলা জুড়ে প্রতিবাদ জানানো হবে।

নভেম্বর ১২, ২০২০
উৎসব

এপিজি মেমোরিয়াল অ্যাসোসিয়েশনের পুজোর ভার্চুয়াল উদ্বোধন করলেন মোদি

হাওড়ার ইছাপুরের এপিজি মেমোরিয়াল অ্যাসোসিয়েশনের ১৬তম বর্ষের পুজোর ভার্চুয়াল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার মহাষষ্ঠীর সকালে এই পুজোর ভার্চুয়াল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এদিন প্রধানমন্ত্রীর এই ভার্চুয়াল মাধ্যমে উদ্বোধন অনুষ্ঠান পুজো উদ্যোক্তাদের তরফ থেকে সরাসরি দেখার ব্যবস্থা করা হয়। এদিন পুজো মন্ডপের বাইরে এবং ইছাপুর শিয়ালডাঙা চৌরাস্তা মোড়ে এলইডি স্ক্রিনের মাধ্যমে উদ্বোধনের সরাসরি সম্প্রচার করা হয়। তবে বৃষ্টির কারণে পুজো প্রাঙ্গনে সোশ্যাল ডিসট্যান্স মেনে দর্শকদের বসার ব্যবস্থা করা হয়। এদিন ক্লাব প্রাঙ্গনে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু , বিজেপি নেতা মনোজ পান্ডে, জেলা সদর বিজেপির সভাপতি সুরজিৎ সাহা, সাধারণ সম্পাদক নবকুমার দে সহ দলের জেলার কর্মকর্তারা। এছাড়াও ৯৭২৭২৯৪২৯৪ এই নম্বরে মিসড কলের মাধ্যমে এর সরাসরি সম্প্রচার ঘরে বসেই সকলের জন্য দেখার ব্যবস্থা করা হয়। এদিন সকলকে দুর্গাপুজোর শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। আরও পড়ুনঃ কবিগুরুর দুঃসময় কবিতাকে আশ্রয় করেই সেজে উঠেছে চেতলা অগ্রণীর মণ্ডপ এদিনের অনুষ্ঠান শেষে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু বলেন, আজকে প্রথমবার দেশের প্রধানমন্ত্রী বাঙালীর প্রধান উৎসবের সাথে যুক্ত হয়েছেন, এটা আপামর বাঙালির পক্ষে গর্বের বিষয়। তিনি আরো বলেন, মা দূর্গার হাতে অস্ত্র থাকবে না তা ঠিক নয়। তিনি অস্ত্রহীন দুর্গা ও মহরমের কারণে দুর্গা প্রতিমা বিসর্জন বন্ধ রাখা নিয়ে মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তকে কটাক্ষ করেন। এর সাথে আগামী নির্বাচন বা রাজনীতির কোন সম্পর্ক নেই বলেই জানান তিনি। এদিনের অনুষ্ঠান দেখতে বহু মানুষ জড়ো হন। মানুষের মধ্যে বিপুল আগ্রহ দেখা যায়।

অক্টোবর ২২, ২০২০
রাজ্য

হিঙ্গলগঞ্জের বিজেপি কর্মী খুনের ঘটনায় তৃণমূল ও রাজ্য প্রশাসনকে তোপ দিলীপ, সায়ন্তনের

তৃণমূল নেতা ও কর্মীদের মারধরের ফলে মারা গিয়েছেন বিজেপি নেতা রবীন্দ্রনাথ মণ্ডল। এই অভিযোগ তুলে দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। অন্যদিকে, বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসুর অভিযোগ, এসএসকেএম হাসপাতাল থেকে বিজেপি কার্যকর্তারা দলীয় কর্মীর দেহ আনতে গেলে তাদের বাধা দেয় পুলিশ। অগণতান্ত্রিকভাবে মরদেহ নিয়ে চলে যায় পুলিশ। পুলিশের এই আচরণকে ধিক্কার জানিয়ে বসিরহাট জুড়ে তীব্র আন্দোলন ও পথ অবরোধের ডাক দিয়েছে বিজেপি। প্রসঙ্গত , সো্মবার গভীর রাতে এসএসকেএম হাসপাতালে মারা যায় বিজেপি কর্মী রবীন্দ্রনাথ মন্ডল (৫৩) । সে উত্তর ২৪ পরগনার বসিরহাটের হিঙ্গলগঞ্জের বাসিন্দা। এই খুনের ঘটনায় অভিযোগের তির তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল। আরও পড়ুনঃ করোনা সঙ্কট থেকে মুক্তি পেতে ১২৫ জায়গায় বৈদিক শান্তি যজ্ঞ ভারত সেবাশ্রমের জানা গেছে, বিজেপির কৃষি সুরক্ষা বিল ও আমফান দুর্নীতি নিয়ে যোগেশগঞ্জ এলাকায় একটি পথসভা হওয়ার কথা ছিল চলতি মাসের ১২ তারিখে। তবে বিশেষ কারণবশত, পুলিশি অনুমতি না পাওয়ায় ওই পথসভা বন্ধ হয়ে যায়। অভিযোগ, চলতি মাসের ১৩ তারিখে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা সকালে বিজেপির দলীয় পতাকা ছিড়ে দিতে থাকে। স্থানীয় বিজেপি নেতৃত্বের উপর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা চড়াও হয়। তাঁদের লোহার রড, ধারালো অস্ত্র, বাঁশ দিয়ে মারধর করে । এর ফলে ৫ জন বিজেপি কর্মী মারাত্মক জখম হয়। প্রথমে আহতদের যোগেশগঞ্জ হাসপাতালে ভর্তি করলে সেখানে তাঁদের অবস্থার অবনতি হওয়ায় বসিরহাট জেলা হাসপাতালে তাদের স্থানান্তরিত করা হয়। তার মধ্যে মঙ্গলচণ্ডী গ্রামের ২৩৪ নম্বর বুথের সহ সভাপতি বছর ৫৩-এর রবীন্দ্রনাথ মন্ডলকে মারাত্মক জখম অবস্থায় বসিরহাট জেলা হাসপাতাল থেকে কলকাতার এসএসকেএম-এ পাঠানো হয়। এরপর সোমবার রাতে কলকাতা এসএসকেএম হাসপাতালে মৃত্যু হয় তাঁর। এই ঘটনার জেরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের তরফ থেকে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। গোটা ঘটনায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা জড়িত বলে বিজেপির স্থানীয় নেতৃত্বের অভিযোগ। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃমমূল। এই ঘটনায় দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে বিজেপি কর্মীরা আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে। হেমনগর কোস্টাল থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

অক্টোবর ২০, ২০২০
রাজ্য

পুরসভার প্রশাসকের উপর হামলার ঘটনায় বিজেপির কোনও হাত নেইঃ সায়ন্তন

জলপাইগুড়ির মালবাজারে চায়ে পে চর্চা করতে গিয়েছিলাম , সেখানকার পুরসভার চেয়ারম্যান সমস্ত চায়ের দোকান বন্ধ করে দিয়েছিল। আমাদের চায়ের দোকান বন্ধ করে দেবে , ওকে ছেড়ে দেবে নাকি ? রবিবার এ ভাষাতেই মালবাজার পুরসভার চেয়ারম্যান তথা এখনকার প্রশাসক স্বপন সাহার সমালোচনা করলেন বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু। এদিন তিনি সল্টলেকের খাসমহলে চায়ে পে চর্চায় দলীয় সদস্যদের সঙ্গে মিলিত হয়েছিলেন। আরও পড়ুন ঃ বর্জ্য প্লাস্টিকের গুদামে বিধ্বংসী আগুন সেখানেই স্বপন সাহার উপর হামলা প্রসঙ্গে তিনি বলেন, বিজেপির কোনও হাত নেই। সাধারণ মানুষ এই ধরণের চেয়ারম্যানের বিরুদ্ধে যা করার করবে। সায়ন্তন বসু ওখানে যাবে , আর চায়ের দোকান বন্ধ হয়ে যাবে , এটা সাধারণ মানুষ সহ্য করেনি। অন্যদিকে, এদিন মায়াপুরের ইস্কন মন্দিরের গোশালায় যান বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি সেখানকার বিভিন্ন জায়গা ঘুরে দেখেন।

অক্টোবর ১১, ২০২০
কলকাতা

আজ নবান্ন অভিযান হবেইঃ সৌমিত্র খাঁ

আজ বিজেপির নবান্ন অভিযান। কিন্তু বুধবার বিজ্ঞপ্তি দিয়ে রাজ্য সরকার জানিয়ে দিয়েছে, এবার বৃহস্পতিবার ও শুক্রবার নবান্ন বন্ধ থাকছে। এই দুদিন পুরো নবান্ন স্যানিটাই্জ করা হবে। প্রসঙ্গত, প্রতি সপ্তাহে শনিবার রুটিনমাফিক নবান্ন জীবাণুমুক্ত করা হচ্ছে। রাজ্য সরকারি কর্মচারীদের এই দুদিন নবান্নে না আসার জন্য অনুরোধ করা হয়েছে। বিজেপির কর্মসূচির সঙ্গে নবান্ন বন্ধ করে স্যানিটাই্জ করার কোনও সম্পর্ক রয়েছে কিনা, স্বাভাবিকভাবেই মাথাচাড়া দিচ্ছে সেই প্রশ্ন। এবিষয় তৃণমূলের তরফ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কিন্তু প্রতিক্রিয়া জানাতে গিয়ে বিজেপি যুব মোর্চা সভাপতি সৌমিত্র খাঁ বলেন, তৃণমূল সরকার নবান্ন বন্ধ করলেও আগামীকাল নবান্ন অভিযান হবেই। বিজেপি এই অপদার্থ সরকারের বিরুদ্ধে রাস্তায় নামবেই। বিভিন্ন জেলা থেকে প্রচুর কর্মী ও সমর্থক এই কর্মসূচিতে উপস্থিত হবেন। নবান্ন বন্ধ রেখেও কোনও লাভ হবে না। এই প্রসঙ্গে বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু বলেন সরকার বুঝে গেছেন জনগণ তাদের সঙ্গে নেই। পুলিশ দিয়ে এইভাবে শুধু সরকার চালানো যায় না। কর্মসূচি হবে যতদূর যেতে দেবে সেখানে গিয়ে প্রয়োজনে সভা করা হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী যদি রাজ্য ছেড়ে চলে যান তাহলে কি আন্দোলন বন্ধ হয়ে যাবে? নবান্ন অভিযানে ঘেরাও করা হবে কর্মসূচি করা হবে সেখানে বাধা দিলে সংঘর্ষের বিষয় আসছে। অনুমতির কোনো পরোয়া করিনা কালকে দলীয় যা কার্যক্রম আছে সেটা করা হবে জানিয়ে দিলেন সায়ন্তন বসু।

অক্টোবর ০৭, ২০২০
রাজনীতি

তৃণমূলকে সার্কাসের জোকার বললেন সায়ন্তন, দলের লোকেরা ওকেই বলে, পাল্টা দিলীপ

বিজেপি ক্ষমতায় এলে সিঙ্গুরে শিল্প এবং কৃষি দুটোই হবে। কৃষি বিল নিয়ে তৃণমূল-সহ বিরোধীরা বিভ্রান্তি ছড়াচ্ছে। বাস্তবে এই বিলের ফলে একদিকে কৃষকরা যেমন বেশি দাম পাবেন, তেমনই ক্রেতাদেরও সুবিধা হবে। মঙ্গলবার ২২ সেপ্টেম্বর হুগলি জেলায় দাঁড়িয়ে এ কথা বলেন বিজেপি নেতা সায়ন্তন বসু। বিজেপির হুগলির সিঙ্গুর সাংগঠনিক মোর্চার উদ্যোগে নসীবপুরে আয়োজিত এক রক্তদান শিবিরে যোগ দিয়ে সায়ন্তন বসু বলেন, তৃণমূল দলটা সার্কাসের জোকারের মতো সংসদের ভেতরে ও বাইরে আচরণ করছে। কিন্তু সংসদ পশ্চিমবঙ্গ নয় যে যেমন খুশি তেমন আচরণ করব। এ সব মেনে নেওয়া হবে না। আরও পড়ুন- অনুব্রতকে হুমকি দেওয়ার অভিযোগে গ্রেফতার হয়েও অনড় নিত্যানন্দ এর পাল্টা তৃণমূলের জেলা সভাপতি দিলীপ যাদব বলেন, যিনি এখানে এসে সাংসদদের সম্পর্কে যে কথাগুলো বলেছেন জোকার সার্কাস বলে সেটা সায়ন্তনবাবুকে তাঁর দলের লোকেরাই বলে থাকেন। উনি এখানে আসেন কলকাতার নেতাদের কাছে নম্বর বাড়াবার জন্য। ওঁর কথার কোন দাম নেই। এদিন বিজেপির হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায় বলেন, কৃষকদের কথা তৃণমূলের মুখে মানায় না। সিঙ্গুরে কৃষির কথা বলে যাঁরা ক্ষমতায় এসেছেন তাঁদের আমলে দেখছি সিঙ্গুর কেমন সর্ষে আর কাশফুলে ভর্তি! বিজেপি কৃষককে বাঁচাতে রাস্তায় নামছে আর তৃণমূল নামছে ফড়ে আর দালালদের স্বার্থরক্ষায়। এর পাল্টা দিলীপ যাদব বলেন, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায সিঙ্গুরের কৃষকদের আন্দোলনে যেমন ছিলেন, তেমনই কৃষকদের স্বার্থে তাঁদের পাশেই থাকবেন এবং কৃষকদের উন্নতির জন্য চেষ্টা করে যাচ্ছেন। কেন্দ্রীয় সরকারের কৃষি বিল সাধারণ কৃষকদের বিপদে ফেলবে। দেশের বড় বড় শিল্পপতি পুঁজিপতিরা ফড়ে হিসেবে কাজ করবে। কৃষকদের তো কোনও উপকার হবে না, উপরন্তু কৃষকদের আরও সমস্যার মধ্যে ফেলে দিচ্ছে এই মোদী সরকার। বিজেপি সরকারের আমলে আমাদের দেশে হাজার হাজার কৃষক আত্মহত্যা করেছেন। আর ওদের নেতারা এসে এখানে বড় বড় কথা বলে যাচ্ছেন। শিল্প নিয়ে কথা তুলছেন। বিজেপি কটা শিল্প করেছে? দিন যাচ্ছে দেশের মানুষ কর্মচ্যুত হচ্ছেন। শিল্প বিলগ্নীকরণ করার নামে দেশকে দেউলিয়া করে দিচ্ছে। দুদিন পরে এই সরকারকে বেচুরাম বলে ডাকবে সকলে।

সেপ্টেম্বর ২২, ২০২০

ট্রেন্ডিং

রাজ্য

পারিবারিক অশান্তির ভয়াবহ পরিণতি! দুই মাসের শিশুকে পুকুরে ফেলে খুনের অভিযোগ মায়ের বিরুদ্ধে

মুর্শিদাবাদের লালগোলায় দুই মাসের শিশুকে পুকুরে ফেলে খুনের অভিযোগ উঠল তার মায়ের বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্ত তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতের নাম লাইলি খাতুন (১৯)। শুক্রবার তাঁকে লালবাগ মহকুমা আদালতে পেশ করা হয়। পারিবারিক অশান্তির জেরেই এই ঘটনা কি না, নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সন্ধ্যায় লালগোলার ভরকুনটা গ্রামে লাইলির পরিবারের মধ্যে অশান্তি হয়। সেই ঘটনার পর থেকেই নিখোঁজ হয়ে যায় তাঁর দুই মাসের পুত্রসন্তান। শিশুটিকে বাড়িতে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। কিছুক্ষণ পর তাঁরা জানতে পারেন, বাড়ির পাশের পুকুরে শিশুটিকে ফেলে দেওয়া হয়েছে।এরপর তড়িঘড়ি পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করে লালগোলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পরে শিশুটির দেহ ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।এই ঘটনায় শিশুটির ঠাকুমা লালগোলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। শিশুটির মা লাইলি খাতুনকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। পুলিশ সূত্রে খবর, জেরার মুখে শিশুটিকে পুকুরে ফেলে দেওয়ার কথা স্বীকার করেছেন লাইলি। এরপরই তাঁকে গ্রেপ্তার করা হয়।পুলিশের প্রাথমিক অনুমান, দীর্ঘদিন ধরে পরিবারের মধ্যে অশান্তি চলছিল। সেই অশান্তি এবং মানসিক অবসাদের জেরেই এই ঘটনা ঘটে থাকতে পারে। তবে ঠিক কী কারণে শিশুটিকে পুকুরে ফেলা হয়েছিল, তার পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা এখনও খতিয়ে দেখছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট এবং তদন্তের পরেই মৃত্যুর কারণ সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে। মাত্র দুই মাসের শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নভেম্বর ২০, ২০২৬
বিদেশ

শেখ হাসিনার প্রত্যাবর্তন ঘিরে অশান্ত বাংলাদেশ, ভারতকে বিঁধে কী বললেন তারেক রহমান?

শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন ঘিরে নতুন করে উত্তপ্ত বাংলাদেশ। আওয়ামি লিগের বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে দেশের বিভিন্ন জায়গায় অশান্তি ছড়িয়েছে। কোথাও অগ্নিসংযোগ, কোথাও ভাঙচুর, আবার কোথাও যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এই পরিস্থিতিতে নাম না করে ভারতের দিকে আঙুল তুলেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর মন্তব্য, সীমান্তের ওপারের যে দেশে আওয়ামি লিগের নেতারা আশ্রয় নিয়েছেন, সেই দেশই তাঁদের প্রভু। তারেকের এই মন্তব্যের পরেই প্রতিক্রিয়া জানিয়েছে নয়াদিল্লি।বৃহস্পতিবার লালমনিরহাটে একটি জনসভায় বক্তব্য রাখছিলেন তারেক। সেখানে আওয়ামি লিগের নেতাদের সমালোচনা করে তিনি বলেন, তাঁরা বাংলাদেশের মানুষের স্বার্থের কথা ভাবেননি। তাঁর কথায়, সীমান্তের ওপারে যে দেশে তাঁরা আশ্রয় নিয়েছেন, সেই দেশটিই এখন তাঁদের প্রভু। সেই প্রভুদের খুশি করতে তাঁরা আবারও বাংলাদেশ ও তার জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছেন। তিনি সরাসরি ভারতের নাম না করলেও, তাঁর বক্তব্যে নয়াদিল্লির দিকেই ইঙ্গিত রয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।তারেকের এই মন্তব্য নিয়ে শুক্রবার ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়ালকে প্রশ্ন করা হয়। জবাবে তিনি বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে ভারতের কোনও মন্তব্য নেই। তবে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নিয়ে ভারতের অবস্থান স্পষ্ট করে দেন তিনি। জয়সওয়াল জানান, ভারত বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক এবং ভবিষ্যতের কথা মাথায় রেখে সম্পর্ক বজায় রাখতে চায়। দুই দেশের অভিন্ন ইতিহাস এবং মানুষের মধ্যে সাংস্কৃতিক সম্পর্কের উপর সেই বন্ধুত্বের ভিত্তি তৈরি হয়েছে বলেও জানান তিনি।শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনাকে ঘিরেই নতুন করে উত্তেজনা ছড়িয়েছে বাংলাদেশে। ২০২৪ সালের অগস্টে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ভারতে রয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। সম্প্রতি দেশে ফেরার জন্য প্রয়োজনীয় নথি চেয়ে আবেদন করেছিলেন তাঁর আইনজীবীরা। সেই আবেদন ঘিরে বাংলাদেশে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়। হাসিনার দল আওয়ামি লিগের কর্মসূচির পর দেশের বিভিন্ন এলাকায় বিক্ষোভ ও অশান্তির ঘটনা ঘটেছে।গত কয়েক দিনে গোপালগঞ্জ-সহ একাধিক এলাকায় অগ্নিসংযোগ, ভাঙচুর এবং হামলার খবর সামনে এসেছে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রাজনৈতিক নেতা-কর্মীদের বাড়িঘর ও বিভিন্ন প্রতিষ্ঠানে হামলার ঘটনাও ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিরাপত্তা বাড়িয়েছে প্রশাসন। এই অশান্তির জন্য আওয়ামি লিগের নেতা-কর্মীদের দায়ী করছে বাংলাদেশের সরকার। অন্য দিকে, তারেকের মন্তব্যে ভারতের প্রসঙ্গ উঠে আসায় দুই দেশের সম্পর্ক নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে নয়াদিল্লি বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে সরাসরি বিতর্কে না গিয়ে দ্বিপাক্ষিক সম্পর্কের ইতিবাচক অবস্থানই তুলে ধরেছে।

নভেম্বর ২০, ২০২৬
দেশ

রাজস্থানের গ্রামীণ ভোটে বিজেপিকে বড় ধাক্কা, ৩৭ জেলার মধ্যে ২৪টিতে এগিয়ে কংগ্রেস

রাজস্থানের গ্রামীণ রাজনীতিতে বড়সড় পালাবদলের ইঙ্গিত পঞ্চায়েত নির্বাচনের ফলাফলে। জেলা পরিষদ ও পঞ্চায়েত সমিতির ভোটের প্রাথমিক ফল এবং গণনার প্রবণতায় রাজ্যের শাসক দল বিজেপিকে পিছনে ফেলে উল্লেখযোগ্যভাবে এগিয়ে গিয়েছে কংগ্রেস। রাজ্যের ৩৭টি জেলার মধ্যে ২৪টিতে কংগ্রেসের অগ্রগতি রাজনৈতিক মহলে নতুন করে চর্চার বিষয় হয়ে উঠেছে।জেলা পরিষদের নির্বাচনী পরিসংখ্যান অনুযায়ী, কংগ্রেস ২৪টি জেলায় এগিয়ে রয়েছে। বিজেপির অবস্থান ৮টি জেলায়। নির্দল ও অন্যান্য রাজনৈতিক দল ৪টি জেলায় এগিয়ে থাকলেও একটি জেলায় এখনও কোনও পক্ষ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার জায়গায় পৌঁছতে পারেনি। এই পরিসংখ্যান রাজ্যের শাসক শিবিরের কাছে যথেষ্ট উদ্বেগের কারণ হয়ে উঠেছে।পঞ্চায়েত সমিতিতেও কংগ্রেসের দাপটশুধু জেলা পরিষদ নয়, পঞ্চায়েত সমিতির ভোটেও কংগ্রেসের শক্তিশালী উপস্থিতি দেখা যাচ্ছে। রাজ্যের ৪১৯টি পঞ্চায়েত সমিতির মধ্যে ৩৭৩টির ফলাফল বা ভোটের প্রবণতা সামনে এসেছে। তার মধ্যে ১৯৪টি সমিতিতে কংগ্রেস জয়ী অথবা এগিয়ে রয়েছে। বিজেপির দখলে এসেছে বা এগিয়ে রয়েছে ৮৯টি সমিতি। নির্দল ও অন্যান্য দল ৬৪টি সমিতিতে এগিয়ে রয়েছে।গ্রামীণ স্তরে এই ব্যবধান বিজেপির রাজনৈতিক কৌশল নিয়ে প্রশ্ন তুলছে। বিশেষ করে রাজ্যে ক্ষমতায় থাকার পরও স্থানীয় নির্বাচনে প্রত্যাশিত সাফল্য না পাওয়ায় দলের সামনে নতুন করে সংগঠন মজবুত করার চ্যালেঞ্জ তৈরি হয়েছে।জয়পুরে কংগ্রেসের বড় জয়, বিজেপির অঙ্কে ধসরাজস্থানের রাজধানী জয়পুরের ফলাফল এবারের নির্বাচনে বিশেষভাবে নজর কেড়েছে। জয়পুর জেলা পরিষদের ৫৭টি আসনের মধ্যে ৪৫টির ফল প্রকাশিত হয়েছে। এর মধ্যে ৩১টি আসন পেয়েছে কংগ্রেস, বিজেপি পেয়েছে মাত্র ১২টি। অন্য প্রার্থীরা জিতেছেন ২টি আসনে।সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয়, জয়পুর জেলা পরিষদের বর্তমান চেয়ারপার্সন রমা চোপড়াও নির্বাচনে পরাজিত হয়েছেন। জয়পুরের ২২টি পঞ্চায়েত সমিতির মধ্যে ১৪টিতে কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। বিজেপির সাফল্য সীমাবদ্ধ থেকেছে মাত্র ২টি সমিতিতে। রাজধানী সংলগ্ন এলাকায় এই ফল শাসক দলের কাছে যথেষ্ট অস্বস্তির কারণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।মুখ্যমন্ত্রীর কেন্দ্রেও বিজেপির চ্যালেঞ্জ, এগিয়ে RLPরাজনৈতিক ধাক্কার আরও একটি গুরুত্বপূর্ণ দিক উঠে এসেছে মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মার বিধানসভা কেন্দ্র সাঙ্গানের থেকে। সেখানে পঞ্চায়েত নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে নাগৌরের সাংসদ হনুমান বেনিওয়ালের নেতৃত্বাধীন রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টি (RLP)।মুখ্যমন্ত্রীর নিজের নির্বাচনী এলাকায় অন্য দলের এই সাফল্য রাজ্যের রাজনীতিতে যথেষ্ট তাৎপর্যপূর্ণ। বিজেপির কাছে এটি শুধুমাত্র স্থানীয় নির্বাচনের ফল নয়, বরং দলের রাজনৈতিক প্রভাব ও সাংগঠনিক শক্তি নিয়েও নতুন করে মূল্যায়নের পরিস্থিতি তৈরি করেছে।ভোটের ফল কি রাজস্থানের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করবে?নির্বাচনের আগে যুব সমাজের আন্দোলন, বিরোধীদের ভোট কারচুপির অভিযোগ এবং UGC-র নতুন বিধি ঘিরে বিতর্কসহ একাধিক রাজনৈতিক ইস্যু রাজ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। সেই আবহেই পঞ্চায়েত ভোটে কংগ্রেসের এই অগ্রগতি বিরোধী শিবিরকে নতুন করে অক্সিজেন জোগাতে পারে।যদিও পঞ্চায়েত নির্বাচনের ফল সরাসরি রাজ্য সরকারের ভবিষ্যৎ নির্ধারণ করে না, তবুও গ্রামীণ ভোটের এই বার্তা উপেক্ষা করা কঠিন। রাজস্থানে বিজেপির ক্ষমতা ধরে রাখার লড়াইয়ের পাশাপাশি স্থানীয় স্তরে জনসমর্থন পুনরুদ্ধার এখন দলের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। অন্যদিকে, অভ্যন্তরীণ মতপার্থক্য সত্ত্বেও কংগ্রেসের এই সাফল্য আগামী দিনের রাজনীতিতে নতুন সম্ভাবনার দরজা খুলে দিচ্ছে।

নভেম্বর ২০, ২০২৬
কলকাতা

আরজি করের প্রমাণ লোপাটের অভিযোগে সিবিআইকে ফের চাপে ফেলল হাইকোর্ট! কী নির্দেশ বিচারপতির?

আরজি কর হাসপাতালে চিকিৎসক-পড়ুয়ার ধর্ষণ ও খুনের ঘটনায় তথ্যপ্রমাণ নষ্টের অভিযোগ নিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের জমা দেওয়া রিপোর্টে অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। ২০২৪ সালের ১৪ অগস্ট রাতে হাসপাতালে ভাঙচুর এবং তথ্যপ্রমাণ নষ্টের অভিযোগে সিবিআই কী পদক্ষেপ করেছে, তা জানতে চেয়েছে আদালত। এই বিষয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।মামলার শুনানিতে আদালত স্পষ্ট জানিয়েছে, নির্যাতিতার পরিবারের বক্তব্য শোনার পাশাপাশি ঘটনার পর তথ্যপ্রমাণ নষ্টের অভিযোগও সমান গুরুত্ব দিয়ে খতিয়ে দেখতে হবে। এই বিষয়টি তদন্তের বাইরে রাখা যাবে না।তথ্যপ্রমাণ নষ্টের অভিযোগ নিয়ে সিবিআই যে রিপোর্ট জমা দিয়েছে, তা যথেষ্ট নয় বলে মনে করেছে আদালত। তাই আরও বিস্তারিত রিপোর্ট চাওয়া হয়েছে। আদালতের নির্দেশ, ২০২৪ সালের ৯ অগস্ট থেকে আরজি কর কাণ্ডকে কেন্দ্র করে যত অভিযোগ উঠেছে, তার সবকটিই সিবিআইকে তদন্তের আওতায় আনতে হবে।অর্থাৎ, চিকিৎসক-পড়ুয়ার ধর্ষণ ও খুনের ঘটনা থেকে শুরু করে পরবর্তী সময়ে তথ্যপ্রমাণ লোপাট এবং হাসপাতালে ভাঙচুরের অভিযোগও খতিয়ে দেখতে হবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে।এদিন নির্যাতিতার পরিবারের হয়ে আদালতে সওয়াল করেন আইনজীবী জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায় এবং শীর্ষেন্দু সিংহরায়। মামলার পরবর্তী শুনানি আগামী ১১ ডিসেম্বর।এর আগে গত ১ অক্টোবর মামলার শুনানিতে রাজ্য পুলিশের দায়ের করা একটি এফআইআর সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। এবার ৯ অগস্ট থেকে ওঠা সমস্ত অভিযোগ তদন্তের আওতায় আনার নির্দেশ দিল আদালত। ফলে আরজি কর কাণ্ডে তথ্যপ্রমাণ নষ্টের অভিযোগের তদন্ত কোন দিকে এগোয়, সেদিকেই নজর থাকবে।

নভেম্বর ২০, ২০২৬
রাজ্য

ট্রেনে রিলস দেখা, স্পিকারে গান শোনা বন্ধ করুন! নিয়ম না মানলে গুনতে হতে পারে ১ হাজার টাকা

ট্রেনে জোরে ফোনে কথা বলা, স্পিকারে গান শোনা কিংবা মোবাইলে ভিডিও চালিয়ে অন্য যাত্রীদের বিরক্ত করার দিন শেষ হতে চলেছে। এ বার থেকে এমন আচরণ করলে শাস্তির মুখে পড়তে পারেন যাত্রীরা। পূর্ব রেলের নতুন নির্দেশিকা অনুযায়ী, ট্রেন বা স্টেশনে মোবাইলে জোরে কথা বলা কিংবা স্পিকারে গান ও ভিডিও চালিয়ে উপদ্রব করলে সর্বোচ্চ ১ হাজার টাকা জরিমানা হতে পারে। এমনকি রেল আইনে ছমাস পর্যন্ত কারাদণ্ডের ব্যবস্থার কথাও উল্লেখ করা হয়েছে।লোকাল ট্রেন হোক বা দূরপাল্লার, মোবাইলে জোরে গান শোনা, ভিডিও দেখা কিংবা দীর্ঘক্ষণ ফোনে কথা বলার ঘটনা প্রায়ই দেখা যায়। বিশেষ করে রাতের দূরপাল্লার ট্রেনে অনেক যাত্রী মোবাইলে সিনেমা দেখতে বা ফোনে কথা বলতে থাকেন। তাতে পাশের যাত্রীদের ঘুমের অসুবিধা হয়। কেউ আপত্তি জানালে অনেক সময় বচসাও শুরু হয়। এই ধরনের সমস্যা কমাতেই কড়া পদক্ষেপের পথে হাঁটল পূর্ব রেল।রেলের প্রিন্সিপাল চিফ কমার্শিয়াল ম্যানেজারের দফতর থেকে শিয়ালদহ, হাওড়া, আসানসোল এবং মালদহ ডিভিশনকে এই নির্দেশিকা পাঠানো হয়েছে। সেখানে বলা হয়েছে, স্টেশন এবং ট্রেনের কামরায় যাত্রীদের সচেতন করতে হবে। আঞ্চলিক ভাষার পাশাপাশি হিন্দি ও ইংরেজিতেও নিয়মিত ঘোষণা করতে হবে। স্টেশনের গুরুত্বপূর্ণ জায়গায় এবং ট্রেনের কামরায় সতর্কতামূলক নোটিস ও স্টিকার লাগানোর নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে শীতাতপ নিয়ন্ত্রিত কামরায় এই বিষয়ে বেশি করে প্রচার করতে বলা হয়েছে।যাত্রীদের মোবাইলে গান বা ভিডিও চালানোর সময় ইয়ারফোন ব্যবহার করতে পরামর্শ দেওয়া হবে। ফোন সাইলেন্ট বা ভাইব্রেশন মোডে রাখার পাশাপাশি রিংটোনের আওয়াজ কম রাখতেও বলা হবে। জোরে বা দীর্ঘক্ষণ ফোনে কথা বলে অন্য যাত্রীদের অসুবিধা না করার বিষয়েও সচেতন করা হবে।নির্দেশিকায় রেল আইনের ১৪৫ নম্বর ধারার উল্লেখ রয়েছে। ওই ধারায় উপদ্রবের জন্য সর্বোচ্চ ১ হাজার টাকা জরিমানা অথবা ছমাস পর্যন্ত কারাদণ্ডের ব্যবস্থা রয়েছে। এ ধরনের ঘটনায় টিকিট পরীক্ষক এবং তাঁর ঊর্ধ্বতন পদমর্যাদার উপযুক্ত বাণিজ্যিক কর্মীরা রেল আইনের আওতায় ব্যবস্থা নিতে পারবেন বলে নির্দেশিকায় জানানো হয়েছে।নির্দেশিকা কার্যকর করার পাশাপাশি যাত্রীদের সচেতন করতে কী কী পদক্ষেপ করা হচ্ছে, তার রিপোর্ট দ্রুত জমা দিতে বলা হয়েছে সংশ্লিষ্ট ডিভিশনগুলিকে। প্রতিটি স্টেশনের নোটিস বোর্ডেও এই নিয়ম সংক্রান্ত বিজ্ঞপ্তি টাঙানোর নির্দেশ দেওয়া হয়েছে। ফলে ট্রেনের কামরায় মোবাইলের আওয়াজ নিয়ে যাত্রীদের দীর্ঘদিনের সমস্যায় এ বার কতটা লাগাম পড়ে, সেটাই দেখার।

নভেম্বর ২০, ২০২৬
রাজ্য

টানা বৃষ্টিতে মাঠেই নষ্ট হতে পারে ফসল! ক্ষয়ক্ষতির হিসাব চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের

ঘূর্ণিঝড় আকভান-এর প্রভাবে টানা বৃষ্টিতে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ফসলের ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। কোথাও বৃষ্টির জলে ডুবে গিয়েছে চাষের জমি, কোথাও আবার মাঠেই পড়ে রয়েছে পাকা ধান। এই পরিস্থিতিতে উদ্বিগ্ন রাজ্য সরকার। বৃষ্টির জেরে কোন জেলায় কতটা ফসলের ক্ষতি হয়েছে, তা জানতে সমস্ত জেলাশাসকের কাছে বিস্তারিত রিপোর্ট চেয়েছে নবান্ন।কোন এলাকায় কত জমির ফসল নষ্ট হয়েছে, কোন ফসলের ক্ষতি সবচেয়ে বেশি এবং কৃষকদের আর্থিক ক্ষতির পরিমাণ কতএই সমস্ত তথ্য দ্রুত সংগ্রহ করার নির্দেশ দেওয়া হয়েছে জেলা প্রশাসনকে। আবহাওয়ার উন্নতি হলেই ক্ষয়ক্ষতির সমীক্ষার কাজ শুরু করবে কৃষি দফতর। সমীক্ষায় জমির পরিমাণ, ক্ষতিগ্রস্ত ফসলের ধরন এবং কৃষকদের আর্থিক ক্ষতির হিসাব খতিয়ে দেখা হবে। দ্রুত সেই রিপোর্ট রাজ্য সরকারের কাছে পাঠাতে বলা হয়েছে।ক্ষতিগ্রস্ত কৃষকদের কাছ থেকেও সরাসরি তথ্য সংগ্রহ করতে চাইছে রাজ্য। সে জন্য একটি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। কৃষকেরা ১৪৪৪৭ নম্বরে ফোন করে তাঁদের ফসলের ক্ষয়ক্ষতির বিবরণ জানাতে পারবেন। কৃষকদের দেওয়া তথ্যের ভিত্তিতেও ক্ষতির পরিমাণ যাচাই করা হবে। পরিস্থিতি বুঝে পরবর্তী পদক্ষেপ করতে চাইছে নবান্ন। তাই জেলা প্রশাসনকে দ্রুত তথ্য সংগ্রহের উপর বিশেষ গুরুত্ব দিতে বলা হয়েছে।দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় টানা বৃষ্টিতে মাঠের ফসল নিয়ে উদ্বেগ বাড়ছে কৃষকদের মধ্যে। কোথাও জমিতে জল জমে ফসল ডুবে গিয়েছে, আবার কোথাও পাকা ধান মাঠেই পড়ে রয়েছে। বৃষ্টি চলতে থাকলে ধান পচে গিয়ে বড় ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করছেন চাষিরা।শুধু ধান নয়, শীতকালীন সবজির চাষ নিয়েও চিন্তায় কৃষকেরা। এই সময়ে জমিতে ফুলকপি, বাঁধাকপি, টমেটো, বেগুন এবং লঙ্কার চারা থাকে। টানা বৃষ্টিতে মাটি অতিরিক্ত ভিজে থাকলে গাছের গোড়া পচে যাওয়ার আশঙ্কা রয়েছে। তাতে সবজির ফলন কমতে পারে। এর প্রভাব পড়তে পারে বাজারদরেও। সব মিলিয়ে বৃষ্টির জেরে কৃষিক্ষেত্রে কতটা ক্ষতি হয়েছে, তা জানতে এখন জেলা প্রশাসনের রিপোর্টের অপেক্ষায় রাজ্য সরকার।

নভেম্বর ২০, ২০২৬
খেলার দুনিয়া

বুমরাহর বোলিংয়ে দিশেহারা কিউই ব্যাটার, বলের গতিপথ বুঝতেই হিমশিম খাচ্ছেন প্রতিপক্ষ

নিউজিল্যান্ডের ব্যাটিং লাইনআপের সামনে যেন এক অমীমাংসিত ধাঁধা হয়ে উঠেছেন জসপ্রীত বুমরাহ। তাঁর বল কখন ভিতরে ঢুকবে, কখন সোজা বেরিয়ে যাবে, কিংবা কখন নিখুঁত ইয়র্কারে ব্যাটারের পায়ের সামনে আছড়ে পড়বেআগাম আন্দাজ করাই কঠিন। বেসিন রিজার্ভে বুমরাহর এই মায়াবী বোলিংয়ের সামনে কার্যত দিশেহারা কিউই ব্যাটাররা। তাঁর দুরন্ত পারফরম্যান্সে মুগ্ধ প্রাক্তন নিউজিল্যান্ড উইকেটরক্ষক ইয়ান স্মিথও।চা-বিরতির আলোচনায় বুমরাহর বোলিং নিয়ে স্মিথের মন্তব্য ছিল যথেষ্ট তাৎপর্যপূর্ণ। তাঁর মতে, বুমরাহর সামনে ব্যাটাররা নিজেদের সিদ্ধান্তের উপরেই বিশ্বাস রাখতে পারছেন না। নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথামের উইকেট পতনের পর থেকেই যেন এই মানসিক চাপ আরও স্পষ্ট হয়ে ওঠে। বল ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েও শেষ মুহূর্তে বিপাকে পড়েন ব্যাটাররা। বুমরাহর বলে ঠিক কী ঘটতে চলেছে, সেই অনিশ্চয়তাই ক্রমশ তাঁদের আত্মবিশ্বাস কেড়ে নিচ্ছে।ল্যাথামের উইকেট ছিল বুমরাহর দক্ষতার এক অসাধারণ নিদর্শন। অফ স্টাম্পের বাইরে যাচ্ছে ভেবে বল ছেড়ে দিয়েছিলেন কিউই অধিনায়ক। কিন্তু শেষ মুহূর্তে বলের গতিপথ বদলে ভিতরের দিকে ঢুকে সরাসরি অফ স্টাম্প উড়িয়ে দেয়। নিখুঁত লাইন, নিয়ন্ত্রিত সুইং এবং অবিশ্বাস্য সময়জ্ঞানসব মিলিয়ে কার্যত নিখুঁত এক ডেলিভারি।বাঁহাতি ব্যাটারদের বিরুদ্ধে বুমরাহর ইনসুইং এখন পরিচিত অস্ত্র। কিন্তু এই পরিচিত অস্ত্রকেই বারবার নতুন করে বিপজ্জনক করে তুলছেন তিনি। ২০১৮ সালে সাউদাম্পটনে ইংল্যান্ডের কিটন জেনিংসকে একই ধরনের বলে বোল্ড করে চমকে দিয়েছিলেন বুমরাহ। সেই সময় তাঁর ইনসুইং নিয়ে সংশয় ছিল ক্রিকেট মহলে। আজ সেই বলের রহস্য অনেকটাই পরিচিত হলেও বুমরাহর নিয়ন্ত্রণ এবং নিখুঁত প্রয়োগ তাঁকে এখনও অপ্রতিরোধ্য করে তুলেছে।শুধু সুইং নয়, বুমরাহর বোলিং অ্যাকশনও ব্যাটারদের বিভ্রান্তির অন্যতম কারণ। বল ছাড়ার মুহূর্তে তাঁর কব্জি ও আঙুলের অবস্থান এমন এক বিভ্রম তৈরি করে, যাতে ব্যাটাররা বলের প্রকৃত দিক বুঝতে পারেন না। ডানহাতি ব্যাটারদের কাছে ভিতরে ঢুকছে বলে মনে হওয়া বল অনেক সময় পিচে পড়ে সোজা বেরিয়ে যায়। এই বিভ্রান্তির ফাঁদেই টম ব্লান্ডেল স্লিপে ক্যাচ দিয়ে ফিরে যান।ড্যারিল মিচেলের উইকেটের পিছনে ছিল বুমরাহর কৌশলী পরিকল্পনা। ক্রিজ ছেড়ে এগিয়ে এসে বোলারের লেংথ নষ্ট করার চেষ্টা করছিলেন মিচেল। তাঁর এই পরিকল্পনা বুঝে ফিল্ডিং সাজানোর পরিবর্তন করেন বুমরাহ। যশস্বী জয়সওয়ালকে শর্ট-লেগে এনে মিচেলকে সামনে এগিয়ে আসতে উৎসাহিত করেন। এরপর কব্জির সূক্ষ্ম মোচড়ে ভিতরের দিকে ঢোকা বল ছুড়ে দেন। বল ব্যাটের ভিতরের কানায় লেগে শর্ট-লেগে থাকা জয়সওয়ালের কাছে পৌঁছতেই দুরন্ত ক্যাচে তা তালুবন্দি করেন তিনি।দিনের শেষ ভাগে পিচের গতি কমে আসে। ঘাস শুকিয়ে যাওয়ায় সিম মুভমেন্টও অনেকটাই কমে যায়। শেষ পাঁচ ওভারে রান দিলেও বুমরাহর চাপ কমেনি। সেট হয়ে যাওয়া হেনরি নিকোলসকে আচমকা ইয়র্কারে চমকে দেন তিনি। নতুন বলেও ইনসুইং ইয়র্কারের মাধ্যমে ব্যাটারদের সমস্যায় ফেলেন।বৃহস্পতিবার ১৭ ওভার বল করে পাঁচটি মেডেন-সহ মাত্র ৫২ রান দিয়ে তিন উইকেট তুলে নেন বুমরাহ। যেখানে ভারতের অন্য চার বোলার মিলিতভাবে পেয়েছেন মাত্র দুটি উইকেট, সেখানে একাই ম্যাচের গতিপথে বড় প্রভাব ফেলেন এই তারকা পেসার।বুমরাহর সাফল্যের রহস্য শুধুমাত্র গতি কিংবা সুইংয়ে সীমাবদ্ধ নয়। তাঁর বোলিংয়ের আসল শক্তি লুকিয়ে রয়েছে ব্যাটারের মানসিকতা পড়তে পারা, একই অ্যাকশন থেকে বিভিন্ন ধরনের বল বের করে আনা এবং সঠিক সময়ে সঠিক অস্ত্র প্রয়োগে। ফলে ব্যাটাররা প্রতিটি বল খেলার আগে দ্বিধায় পড়ে যাচ্ছেনএই অনিশ্চয়তাই বুমরাহর সবচেয়ে বড় সাফল্য।ইয়ান স্মিথের মন্তব্য তাই নিছক প্রশংসা নয়, বুমরাহর বোলিংয়ের মনস্তাত্ত্বিক প্রভাবের যথার্থ ব্যাখ্যা। ব্যাটাররা যখন বোলারের বলের চেয়ে নিজের সিদ্ধান্ত নিয়েই বেশি সন্দিহান হয়ে পড়েন, তখন সেই বোলার যে কতটা ভয়ংকর হয়ে উঠেছেন, তা সহজেই বোঝা যায়।

নভেম্বর ২০, ২০২৬
বিদেশ

রিয়াধের সর্বোচ্চ বহুতলে ক্ষেপণাস্ত্র হামলা, ক্ষতিগ্রস্ত সৌদি আরবের আর্থিক কেন্দ্র, হতাহতের খবর নেই

রিয়াধ: সৌদি আরবের রাজধানী রিয়াধে ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত হল শহরের অন্যতম উচ্চতম বহুতল, পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (PIF)-এর সদর দফতর। বৃহস্পতিবার ভোরের এই হামলায় বহুতলের একাধিক তল ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আশপাশের ভবনেও ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে সৌদি সিভিল ডিফেন্স। তবে এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।হামলার পর রিয়াধের কিং আবদুল্লাহ ফিনান্সিয়াল ডিস্ট্রিক্টে নিরাপত্তা জোরদার করা হয়। ভবন থেকে কর্মী ও বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছয় অ্যাম্বুল্যান্স ও দমকল বাহিনী। বিস্ফোরণের অভিঘাতে বহুতলের বেশ কয়েকটি জানলা ভেঙে যায়।সূত্রের দাবি, ইয়েমেনের হুথি গোষ্ঠীর ছোড়া ক্ষেপণাস্ত্র সরাসরি ওই বহুতলে আঘাত হানে। যদিও সৌদি নেতৃত্বাধীন জোটের প্রাথমিক বক্তব্য ছিল, ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়েই ভবনটি ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার দায় এখনও আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি হুথিরা।প্রায় ৩৮৫ মিটার উচ্চতার এই বহুতলে সৌদি আরবের সরকারি বিনিয়োগ সংস্থা পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের সদর দফতর রয়েছে। সৌদি যুবরাজ মহম্মদ বিন সালমানের ভিশন ২০৩০ কর্মসূচির আওতায় তেলনির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে দেশের অর্থনৈতিক পরিকাঠামোকে বহুমুখী করার বিভিন্ন প্রকল্পে এই সংস্থা অর্থায়ন করে।চলতি মাসে রিয়াধের আর্থিক এলাকায় এটি দ্বিতীয় বড় হামলা। এর আগে ৮ নভেম্বর সৌদি রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা আরামকোর একটি প্রশাসনিক ভবন হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছিল।ইয়েমেনকে কেন্দ্র করে সৌদি আরবের সামরিক অভিযান আরও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। সৌদি কর্মকর্তাদের উদ্ধৃত করে সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে ইঙ্গিত, এই অভিযান আরও ছয় মাস চলতে পারে। ফলে রিয়াধ ও সৌদি আরবের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক পরিকাঠামোর নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

নভেম্বর ২০, ২০২৬

Ads

You May Like

Gallery

265-year-old "Mukhopadhyay House" in Bhavanandpur, Kalnar, played vermilion on Dasami during Durga Puja
BJP candidate Locket Chatterjee campaigned on the banks of the Ganges from Chandannagar Ranighat to Triveni Ghat wishing New Year.
A living depiction of history with a touch of color, everyone is enthralled by the initiative of the Eastern Railway
Sucharita Biswas actress and model on Durga Puja
Lord Kalabau came up in palanquin; Navapatrika walked towards the mandap - the puja started
On Sunday, the 'Hilsa festival' is celebrated in the city with great joy.
Check out who has joined Mamata's new cabinet
Take a look at the list of recipients at the Bangabibhushan award ceremony
If you are grassroots, you will get ration for free. Lakshmi Bhandar, Kanyashree, Swastha Sathi, Krishakbandhu, Oikyashree, Sabujsathi — you will get all.

Categories

  • কলকাতা
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • রাজনীতি
  • খেলার দুনিয়া
  • বিনোদুনিয়া
  • সম্পাদকীয়
  • নিবন্ধ
  • ভ্রমণ
  • রাশিফল
  • টুকিটাকি
  • চিত্রহার
  • বিবিধ
  • ভিডিও

Company

  • About Us
  • Advertise
  • Privacy
  • Terms of Use
  • Contact Us
Copyright © 2026 Janatar Katha News Portal